স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে পৃথক সড়ক ও পরিবহন দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) যশোর-চৌগাছা সড়কের আব্দুলপুর বাজার, সাড়াপোল এবং মণিরামপুর উপজেলার ভোরদা এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রথম ঘটনায়, সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর বাজার এলাকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একটি বাসের সঙ্গে মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় খোকন (৫০) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত হাফিজুর রহমান ও আহত খোকন চৌগাছা উপজেলার মাটচাকলা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরভ্যানে করে যশোর শহরের দিকে আসার সময় সন্ধ্যা আনুমানিক ৭টায় আব্দুলপুর বাজার এলাকায় পৌঁছালে যবিপ্রবির একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত খোকনকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অপরদিকে,একই দিন সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার সাড়াপোল বিশ্বাসপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেলের ধাক্কায় রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি আহত হন। তিনি সাড়াপোল গ্রামের হাজের আলীর ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ভোরদা এলাকায় নসিমন থেকে পড়ে মনিরুজ্জামান (৬৫) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। তিনি উপজেলার কাটাখালি গ্রামের মৃত যাহাতাপ মৌলভীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২২ জুন সকাল ১১টার দিকে নসিমন থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনার পর স্বজনরা তাকে বাড়িতে রেখে প্রাথমিক চিকিৎসা দেন। তবে শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।ছবি সংগৃহীত।


