রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে :
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক সেবনে বাধা দেওয়ার ‘অপরাধে’ মো. শফিকুল ইসলাম (৫৫) নামে এক প্রৌঢ়কে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। হামলাকারীদের মারধরে তার বাম পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে মাদক সেবনের ঘটনা ঘটলেও তা রোধে কার্যকর ব্যবস্থা না থাকায় এমন বেপরোয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে উপজেলার সোলেমানপুর দাসপাড়া এলাকায়। এ ঘটনায় আহত শফিকুল ইসলাম বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয় একটি আমবাগানে মো. হিরা (৩২)সহ ৩-৪ জন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিল। এ সময় শফিকুল ইসলাম তাদের এমন কর্মকাণ্ডে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ, এরপর সংঘবদ্ধভাবে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে শফিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে তাকে পিটিয়ে তার বাম পা ভেঙে দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় ৭টি সেলাই দিতে হয়েছে এবং এক্স-রে রিপোর্টে বাম পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। এতে করে পুরো পরিবার এখন চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এদিকে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, এলাকায় মাদক সেবন ও বেচাকেনা দীর্ঘদিন ধরে চললেও তা বন্ধে প্রশাসনের দৃশ্যমান উদ্যোগের অভাব রয়েছে। ফলে অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ছবি সংগৃহীত।

