গণভোটের রায় কার্যকর করা এখন সময়ের অনিবার্য দাবি- মোঃ মোবারক হোসাইন

গণভোটের রায় কার্যকর করা এখন সময়ের অনিবার্য দাবি- মোঃ মোবারক হোসাইন

রফিক মন্ডল, ঝিনাইদহ থেকে ফিরে :

জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের উদ্যোগে ব্যাপক গণমিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির শুরুতে ওয়াজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সেখান থেকেই গণমিছিলটি বের হয়। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এটি এক বিশাল জনসমাবেশে রূপ নেয়।

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ আবু তালিব। এছাড়া এনসিপির ঝিনাইদহ জেলা সদস্য সচিব আরেফিন কায়সারও বক্তব্য রাখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি আঃ হাই, শৈলকূপা উপজেলা আমীর এ এস এম মতিউর রহমান, মহেশপুর উপজেলা আমীর ফারুক হোসেন, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হক, হরিণাকুন্ডু উপজেলা আমীর বাবুল হোসেন, শহর আমীর ইসমাইল হোসেন, জেলা শিবির সভাপতি ওবাইদুল্লাহ, শহর সভাপতি শেখ আলামিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোবারক হোসাইন বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধানের প্রয়োজনীয় সংস্কার এবং গণভোটের রায় কার্যকর করা এখন সময়ের অনিবার্য দাবি।

তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জনগণের মতামতের প্রতিফলন জরুরি। সরকার যদি জনগণের প্রত্যাশাকে সম্মান না করে, তবে গণআন্দোলনের মাধ্যমেই জনগণ তাদের ন্যায্য অধিকার আদায় করবে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *