ঝিনাইদহ প্রেসক্লাবের তীব্র নিন্দা ও আলটিমেটাম

ঝিনাইদহ প্রেসক্লাবের তীব্র নিন্দা ও আলটিমেটাম

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ থানায় ওসির বিরুদ্ধে অবস্থান নেওয়া নারীদের ওপর হামলার ভিডিও ধারণ করার অপরাধে দুই গণমাধ্যমকর্মীকে বেধড়ক মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। একই সাথে ঘটনার সাথে জড়িত দোষীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনকালে হামলায় গুরুতর আহত দুই সাংবাদিক হলেন— দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ এবং নাগরিক টিভির প্রতিনিধি মিশন আলী।

স্থানীয় সাংবাদিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সন্ধ্যায় কালীগঞ্জ থানায় ওসির বিরুদ্ধে স্থানীয় কিছু নারী অবস্থান নেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। সে সময় হঠাৎ করেই নারীদের ওপর অতর্কিত হামলা চালায় একদল উচ্ছৃঙ্খল যুবক। থানার ভেতরে চলমান এই উত্তেজনাকর পরিস্থিতির সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে যান সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ ও মিশন আলী।

ভিডিও ধারণ করতে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে হামলাকারীরা। উপজেলা কৃষকদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জালাল এবং যুবদল নেতা শাহীন লস্করের নেতৃত্বে কয়েকজন রাজনৈতিক নেতা-কর্মী সাংবাদিকদের ওপর চড়াও হন। তারা দুই সাংবাদিককে প্রকাশ্য বেধড়ক মারপিট ও লাঞ্ছিত করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে উপস্থিত অন্যান্যরা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিকদের ওপর এই বর্বর হামলার প্রতিবাদে আজ শনিবার (১৮ জুলাই) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এক জরুরি সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনের যৌথ পরিচালনায় সভায় জেলার সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিক নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “থানার মতো একটি নিরাপদ জায়গায় পুলিশের সামনে সাংবাদিকদের ওপর রাজনৈতিক ক্যাডারদের এই হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত। হামলাকারী জালাল ও শাহীন লস্করসহ সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *