ডাঃ মোঃ কেরামত আলী কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য, অপরাজনীতি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় পুলিশ প্রশাসনের নীরবতার প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেলে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা মোড়ে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দেশব্যাপী আওয়ামী লীগের উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের পর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক ব্যানার-ফেস্টুন নিয়ে সভাস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার হাতে নিয়ে নেতাকর্মীরা স্বৈরাচারবিরোধী এবং সাংগঠনিক নানা স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন।
প্রধান বক্তার বক্তব্যে রোকনুজ্জামান রোকন বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত অপশক্তি আবার নতুন করে মাঠ পর্যায়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের যেকোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে।” একই সাথে তিনি কালিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করার জোরালো আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফা এবং নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান ও সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান। এছাড়া কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম আফজালুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
এই বিক্ষোভ মিছিলে যুবদল, জাসাস, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিশাল শোডাউন লক্ষ্য করা গেছে। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদৎ আজম, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক জিএম মুরশিদ আলী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম।
ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের জাকির হোসেন, গাজী নাসিম, আবু হুসাইন সোহাগ এবং কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও সুমনসহ তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশকে কেন্দ্র করে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছিল। ছবি সংগৃহীত।


