স্ফুলিঙ্গ রিপোর্ট :
তরুণ ও শিক্ষার্থী সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা এবং এর কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণাঢ্য মাদকবিরোধী আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোরের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) উপজেলার ‘মহাকাল বালিকা মাধ্যমিক বিদ্যালয়’ এবং ‘মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজ’-এ পৃথকভাবে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজিত আলোচনা সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন যশোর জেলা শিক্ষা অফিসার জনাব মো. মাহফুজুল হোসেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোরের উপপরিচালক জনাব পারভীন আখতার। তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় শিক্ষার্থীদের সামনে মাদকের নানাবিধ ক্ষতিকর, শারীরিক, মানসিক ও সামাজিক কুফল তুলে ধরেন।
কর্মসূচিগুলোতে সভাপতিত্ব করেন যথাক্রমে মহাকাল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. রাজু আহমেদ এবং মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মো. রেজাউল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কিশোর ও যুবসমাজই দেশের ভবিষ্যৎ। মাদক কেবল একটি জীবনকে নয়, বরং একটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই কৌতূহলবশত বা বন্ধুদের প্ররোচনায় কোনো অবস্থাতেই যেন শিক্ষার্থীরা মাদকের দিকে পা না বাড়ায়, সে বিষয়ে সতর্ক করা হয়। একই সাথে ডিজিটাল ডিভাইসের আসক্তি কমিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হয়।
সেমিনার শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ স্লোগান সম্বলিত খাতা ও কলম বিতরণ করা হয়। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশে, উপস্থিত শত শত শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সমাজ ও দেশকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে একযোগে ‘মাদকবিরোধী শপথ বাক্য’ পাঠ করানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, জেলা জুড়ে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের এই সচেতনতামূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।


