স্ফুলিঙ্গ ডেক্স :
আওয়ামী লীগ সরকারের মেয়াদে ২০১৮ সালে অনুষ্ঠিত বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তার প্রত্যেকেরই ইতোমধ্যে ২৫ বছরের সরকারি চাকরিকাল পূর্ণ হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে মনে করছে সরকার।
এরই প্রেক্ষিতে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারায় প্রদত্ত বিশেষ ক্ষমতাবলে তাঁদের চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তবে বিধি অনুযায়ী অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তা সরকারি নিয়মমাফিক সকল অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন।
বাধ্যতামূলক অবসরের তালিকায় থাকা যুগ্ম সচিব পদমর্যাদার এসব কর্মকর্তা এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত ছিলেন। অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশের মধ্য দিয়ে তাঁদের প্রশাসনিক সেবার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।ফাইল ছবি সংগৃহীত।

