মোঃ মাসুদ রানা, (কালীগঞ্জ) ঝিনাইদহ
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত দেশজুড়ে ২৫ কোটি (২৫০ মিলিয়ন) বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১০টার সময় পৌরসভার ৫নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর মহা শ্মশানঘাটে এই চারা রোপণ করা হয়।
কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহির হাসান মোহনের নিজস্ব উদ্যোগে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই নান্দনিক ও পরিবেশবান্ধব কর্মসূচি সম্পন্ন হয়।
আজ সকালে নিশ্চিন্তপুর মহাশ্মশানঘাট প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা, শ্মশান এলাকার সৌন্দর্যবর্ধন এবং ছায়া সুনিবিড় পরিবেশ তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য সুধীজন এবং স্থানীয় ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা চারা রোপণ কাজে সরাসরি অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাবেক ছাত্রনেতা জহির হাসান মোহন সংবাদমাধ্যমকে বলেন:”আমাদের প্রিয় নেতার দূরদর্শী পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা আজ নিশ্চিন্তপুর শ্মশানঘাটে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম। আমাদের মনে রাখতে হবে, কেবল চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও করতে হবে। পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে এবং সুন্দর একটি সবুজ বাংলাদেশ গড়তে আমি সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বাড়ির আঙিনায় ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানাই।”
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ শ্মশানঘাটের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় ছাত্রদল নেতার এই সময়োপযোগী ও চমৎকার উদ্যোগকে সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছবি সংগৃহীত।


