স্ফুলিঙ্গ ডেক্স :
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পানি খাওয়ার অজুহাতে এক স্কুলছাত্রীর ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আক্তার হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) ভোররাতে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের কানারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আক্তার হোসেন ওই এলাকারই আলাউদ্দিন খালাসীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী তার নানাবাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে বাড়িতে বড় কেউ না থাকার সুযোগে আক্তার হোসেন পানি খাওয়ার কথা বলে তাদের বাড়িতে ঢোকে। ভুক্তভোগীর কাছ থেকে পানি নিয়ে সে হঠাৎ ঘরের ভেতরে প্রবেশ করে এবং ছাত্রীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়।
ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে এবং গামছা দিয়ে পা বেঁধে ফেলে। এ সময় ওই শিক্ষার্থীর নানী বাড়িতে ফিরে এলে টের পেয়ে অভিযুক্ত আক্তার হোসেন ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে নড়িয়া থানা পুলিশ দ্রুত অভিযানে নামে এবং রাতে অভিযুক্তকে আটক করে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এজাহার গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”


