স্ফুলিঙ্গ রিপোর্ট :
জাপানের সম্মানজনক বিভিন্ন ফেলোশিপ এবং আন্তর্জাতিক গবেষণা তহবিলের সার্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষকদের অবহিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক বিশেষ দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ‘গাইডেন্স সেমিনার অন দ্য জেএসপিএস প্রোগ্রাম অ্যান্ড রিসার্চ ফান্ডিং অপরচুনিটিস’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস)-এর উদ্যোগে এবং যবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর জানান, জেএসপিএস প্রতি বছর বিশ্বজুড়ে দুই হাজারেরও বেশি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ও অনুদান দিয়ে থাকে। কিন্তু সঠিক তথ্যের অভাব ও কাঙ্ক্ষিত আবেদন না থাকায় বাংলাদেশের গবেষকরা এই সুবিধা গ্রহণে পিছিয়ে পড়ছেন। এ ধরনের আয়োজন তরুণ শিক্ষকদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক স্তরের গবেষণায় উৎসাহ জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, জাপানে পিএইচডি ও পোস্ট-ডক গবেষণার অসীম সম্ভাবনা রয়েছে। সঠিক তথ্যের অভাবে যেন দেশের তরুণ শিক্ষকেরা সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে গুরুত্ব দিয়ে দেশে বিশ্বমানের গবেষণাবান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি বিভাগের অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান।
বাংলাদেশ জেএসপিএস-এর সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. নওশাদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিসুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।ছবি সংগৃহীত।

