মো: মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর এলাকার একটি খাল থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ রোববার (২৬ এপ্রিল) সকালের দিকে ভবনগর গ্রামের ‘ভাওনের খাল’ নামক স্থান থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান জানান, সকালে সড়কের পাশের ব্রিজের নিচে খালের পানিতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় উৎসুক জনতা। মুহূর্তের মধ্যে খবরটি চাউর হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, খালের পানিতে একটি হাত ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হলেও নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, মৃতদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা নাকি দুর্ঘটনা, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ছবি সংগৃহীত।


