রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক (কোটচাঁদপুর, ঝিনাইদহ):
“নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অধ্যক্ষ আব্দুর হাই একজন অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি সুদীর্ঘ কর্মজীবনে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করেছেন।” ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মো. মতিয়ার রহমান জলিলপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
১৮ জুলাই শনিবার সকালে মহেশপুর উপজেলার ঐতিহ্যবাহী জলিলপুর আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন এবং মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাই এর অবসরজনিত বিদায় উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার সভাপতি ও মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ প্রফেসর মোঃ মতিয়ার রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বিদায়ী অধ্যক্ষের কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন এবং মহেশপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক ও মানসম্মত শিক্ষায় রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নিজের শেষ কর্মদিবসের স্মৃতি চারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী অধ্যক্ষ মোঃ আব্দুল হাই। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “এই বিদায় জীবনের শেষ বিদায় নয়। প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে অবসর নিলেও, আমি এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আজীবন আত্মিকভাবে সংযুক্ত থেকে কাজ করে যেতে চাই।” বক্তব্য প্রদানকালে তিনি উপস্থিত সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে বিগত দিনের কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন এবং আগামী দিনের পথচলা যেন সুন্দর ও সার্থক হয়, সেজন্য সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী অতিথি অধ্যক্ষ আব্দুল হাইয়ের হাতে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ভালোবাসার স্মারক হিসেবে সম্মাননা মানপত্র তুলে দেন মহব্বত ফয়সাল।
মাদ্রাসার শিক্ষক মোঃ সুলতান আহমেদের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ, উপজেলা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পলাশ, মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শুকুর আলী এবং সাবেক প্রধান শিক্ষক এ টি এম খায়রুল আনাম।
এছাড়াও কাজিরবেড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফ উদ্দিন মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ ওয়ায়েজ উদ্দিন ও সাবেক পৌর কাউন্সিলর আবুল হাসেম শেখ সহ মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ছবি সংগৃহীত।


