মো. মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে পড়ে ফরিদ হোসেন (৩০) নামের এক যুবকের দুই পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রবিবার (১২ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ছয়টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট নামক এলাকায় এই লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, ওই যুবক আত্মহত্যার উদ্দেশ্যে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছিলেন। গুরুতর আহত ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের সুপরিচিত কণ্ঠকর্মী আকবর হোসেনের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, আজ বিকেলে নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ডাউন ট্রেনটি মোবারকগঞ্জ রেলস্টেশন এলাকা অতিক্রম করছিল। ট্রেনটি পয়েন্ট এলাকায় পৌঁছালে ফরিদ হোসেন হঠাৎ করেই আত্মহত্যার উদ্দেশ্যে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। ট্রেনের নিচে কাটা পড়ে অলৌকিকভাবে তিনি প্রাণে বেঁচে গেলেও তাঁর দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর রক্তক্ষরণ ও যন্ত্রণায় ছটফট করতে থাকা ওই যুবককে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার ফাইটার্সের একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তার্থ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া শারমিন সুমি রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দুই পা বিচ্ছিন্ন ও মারাত্মকভাবে জখম হওয়া এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ সম্পন্ন করার পর উন্নত ও নিবিড় চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে (যশোর মেডিকেল কলেজ হাসপাতাল) রেফার করা হয়েছে।
ঠিক কী কারণে ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় রেলওয়ে পুলিশ (জিআরপি)।

