মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জের প্রবীণ সংবাদপত্র বিতরণকারী ও উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৫৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৬ জুলাই ২০২৬) দিবাগত রাত ১২টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও ডায়াবেটিসজনিত রোগে ভুগছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামের মৃত মুজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র।
আজ সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় পাতবিলা দাখিল মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ঢাকার ইস্টার্ন প্লাস জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। পরবর্তীতে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় স্থানীয় সাংবাদিক শাহজাহান আলী সাজু, জামির হোসেন, হাবিব উসমান, এনামুল হক সিদ্দিক, নয়ন খন্দকার, মাসুদ রানা, মোমিনুর রহমান মন্টু, রবিউল ইসলাম ও সনেটসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মরহুম জাহাঙ্গীর আলম বিগত ১৭ বছর ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কালীগঞ্জ এলাকায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদপত্র বিতরণের পেশায় যুক্ত ছিলেন। একই সাথে তিনি কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাজুসহ সমিতির সর্বস্তরের সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ছবি সংগৃহীত।

