স্ফুলিঙ্গ ডেক্স :
সারা দেশে হামের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (১৪ এপ্রিল সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হাম নিশ্চিত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনটি শিশুই ঢাকার। একই সময়ে সারা দেশে ১ হাজার ৩২ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ৫০৫ জনই ঢাকা মহানগরের। বর্তমানে হাসপাতালে ভর্তি ৬৬৬ জন শিশুর মধ্যে ৩১৫ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এক মাসে হামে আক্রান্ত হয়ে ৩২ শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে হামের উপসর্গ নিয়ে এই সময়ে মৃত্যু হয়েছে আরও ১৬৬ শিশুর। অর্থাৎ সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দুই শতাধিক ছুঁইছুঁই।
এ পর্যন্ত মোট ১৯ হাজার ১৬১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ১২ হাজার ৩১৮ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৭৭২ জন।
ফাইল ছবি


