স্ফুলিঙ্গ ডেক্স :
বরগুনা শহরের উপকণ্ঠে মনসাতলী এলাকার একটি খাল থেকে মোসা. ইরানি (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকেই নিহতের স্বামী আবজাল হাওলাদার পলাতক রয়েছে।
নিহত ইরানি সদর উপজেলার লাকুরতলা গ্রামের মো. আবজাল হাওলাদারের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, গত শুক্রবার রাতে স্থানীয়রা মনসাতলী এলাকার একটি দোকানে ইরানি ও তার স্বামী আবজালকে একসঙ্গে চা খেতে দেখেছিলেন। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ খালের মধ্য থেকে ইরানির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই এনায়েত হোসেনের দাবি, তার ভগ্নিপতি আবজাল পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আবজালের ব্যবহৃত টুপি ও জুতা উদ্ধার করেছে, যা হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে বলে পরিবারের দাবি। নিহতের একটি পুত্রসন্তান রয়েছে।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলীম জানান, খবর পেয়ে পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামীই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
ফাইল ছবি


