স্ফুলিঙ্গ ডেক্স :
গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন ও প্লেটে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ছায়দার আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামি গোলজার রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে র্যাব-১৩ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ২২ জুন রাতে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, প্লেটে মাংস কম দেওয়া নিয়ে ক্ষুব্ধ হয়ে মনোয়ারা বেগম নামে এক আসামি ভুক্তভোগী ছায়দার আলীর মুখে খাবারভর্তি প্লেট ছুড়ে মারেন।
এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোলজার রহমানসহ আরও ১৫-২০ জন লাঠি, লোহার রড ও রান্নার কাঠ দিয়ে ছায়দার আলীর ওপর ঝাঁপিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকেলে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) রাতে ঘাগোয়া ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি গোলজার রহমানকে আটক করে র্যাব। গ্রেপ্তারকৃত গোলজার ওই এলাকার মৃত আব্দুল সামাদের ছেলে।
গাইবান্ধা সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়ন্ত জানান, নিহতের ছেলে আল আমিনের দায়ের করা মামলায় মোট ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারকৃত গোলজারকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ছবি-সংগৃহীত


