স্ফুলিঙ্গ ডেক্স : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঘটা এই দুর্ঘটনায় দুই গাড়ির চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এই ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী ‘বোগদাদ পরিবহন’-এর একটি বাসের সাথে পটুয়াখালী থেকে আসা একটি তরমুজবাহী ট্রাকের সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। তবে আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার ফলে মহাসড়কে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ছবি-সংগৃহীত


