স্ফুলিঙ্গ ডেক্স :
বিগত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও ছয়জনকে নৃশংসভাবে হত্যাসহ মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জনাকীর্ণ আদালতে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, জুলাই বিপ্লবের সময় কুষ্টিয়া জেলা সদরসহ বিভিন্ন এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং উস্কানিদাতা হিসেবে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। তদন্তকারী দল ইনুর বিরুদ্ধে নির্বিচার হত্যাকাণ্ড, নির্যাতন ও দমনপীড়নসহ মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পেয়ে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে।
আজ দীর্ঘ আইনি প্রক্রিয়া, দুই পক্ষের যুক্তি-তর্ক এবং সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে বিজ্ঞ ট্রাইব্যুনাল আসামী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই কারাদণ্ডের আদেশ দেন। জুলাই গণঅভ্যুত্থানের পর এই প্রথম কোনো শীর্ষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের রায়ে সাজা ঘোষণা করা হলো, যা দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ছবি সংগৃহীত।


