স্ফুলিঙ্গ ডেক্স :
‘Create lasting Impact’ (দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করুন)— এই চমৎকার ও সময়োপযোগী বিশ্বজনীন থিমকে বুকে ধারণ করে আজ ১লা জুলাই থেকে বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে শুরু হলো রোটারি ইন্টারন্যাশনালের নতুন বছর তথা রোটারি বর্ষ ২০২৬/২৭। বিশ্বের অন্যান্য দেশের প্রধান শহরগুলোর মতো বাংলাদেশের রাজধানী ঢাকার রোটারিয়ানরাও এক অভূতপূর্ব ও উৎসবমুখর পরিবেশে নতুন এই রোটারি বছরকে বরণ করে নিয়েছেন।
নতুন রোটারি বর্ষের প্রথম দিনে আজ সকালে রাজধানীর দৃষ্টিনন্দন হাতিরঝিল এলাকায় ঢাকার প্রায় ৮০টি রোটারি ক্লাবের যৌথ অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ও বিশাল রেলির (শোভাযাত্রা) আয়োজন করা হয়। বর্ণিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং রোটারির ঐতিহ্যবাহী টি-শার্ট পরে শত শত রোটারিয়ান এই রেলিতে অংশ নেন, যা পুরো হাতিরঝিল এলাকায় এক উৎসবের আমেজ সৃষ্টি করে।
আজকের এই বর্ণাঢ্য রেলিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘রিপসা’ টিমের সম্মানিত কান্ট্রি কো-অর্ডিনেটর ড. ইশতিয়াক এ জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, রোটারি সবসময় মানব কল্যাণে ও সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে আসছে। এবারের থিম অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এমন কিছু কাজ করতে হবে যা দীর্ঘস্থায়ী এবং টেকসই প্রভাব তৈরি করবে।
রেলিতে অংশগ্রহণকারী রোটারি ক্লাবগুলোর নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা নতুন বছরের কর্মপরিকল্পনা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ রক্ষা ও দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে এবার আরও বেশি কার্যকর প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান ক্লাব প্রতিনিধিরা। নতুন বছরের প্রথম সকালেই ঢাকার রোটারিয়ানদের এমন প্রাণবন্ত ও সুশৃঙ্খল উপস্থিতি সাধারণ মানুষের নজর কেড়েছে। ছবি সংগৃহীত।

