স্ফুলিঙ্গ ডেক্স :
রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ডা. ফারাহ ফেরদৌস (৩২) নামে এক তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাতে ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ডা. ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএসের (স্বাস্থ্য) মাধ্যমে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে ফেজ-বি রেসিডেন্ট হিসেবে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছিলেন। এর আগে, ২০১৭ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ডা. ফারাহ ফেরদৌস খুলনা জেলার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির কন্যা। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ডা. ফারাহ শাহবাগের ওই আবাসিক ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
গতকাল দীর্ঘ সময় তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে তাঁর মরদেহ উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আত্মহত্যার কোনো আলামত বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত ও সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।


