সেলুনের সিরিয়াল নিয়ে তুলকালাম : ৬ জন হাসপাতালে ভর্তি

সেলুনের সিরিয়াল নিয়ে তুলকালাম : ৬ জন হাসপাতালে ভর্তি

মাগুরা প্রতিনিধি:

মাগুরা সদর উপজেলার গাংনালিয়া বাজারে একটি সেলুনে চুল কাটার সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে আঠারোখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারে এই লঙ্কাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গাংনালিয়া বাজারের একটি সেলুনে চুল কাটার জন্য জুয়েল নামে এক যুবক আগে থেকেই সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর সোহাগ নামে অন্য এক যুবক সেখানে এসে জরুরি কাজ আছে জানিয়ে আগে চুল কাটার দাবি করেন। নাপিত সিরিয়াল অনুযায়ী জুয়েলকে আগে চুল কাটতে বললে সোহাগ ও জুয়েলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন— লুৎফর শেখ (৫০), সোহাগ (২৬), উকিল মোল্লা (৫৫), কাদের মোল্লা (২৪), জুয়েল মোল্লা (২৮) এবং আরাফাত (২৪)। আহতদের উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আহতদের মধ্যে জুয়েল ও কাদের শ্রীপুর উপজেলার বরিশাট পূর্বপাড়ার বাসিন্দা এবং আরাফাত গাংনালিয়া গ্রামের বাসিন্দা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের বিষয়টি পুলিশ অবগত আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *