রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) :
বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে দেশের সাধারণ শ্রমিকদের মানবিক জীবনযাপনের সুবিধার্থে সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। একই সাথে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকদের সাথে সব ধরনের বৈষম্যহীন আচরণ করা এবং তাদের জন্য বাধ্যতামূলক সরকারি রেশনিং ব্যবস্থা চালু করার জোর দাবি জানিয়েছেন তিনি।
আজ শনিবার (১১ জুলাই ২০২৬) সকালে ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখা আয়োজিত ‘দায়িত্বশীল সম্মেলন’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান দেশের বিদ্যমান মজুরি কাঠামোর সমালোচনা করে বলেন, “বিগত ২০২৩ সালে শিল্পখাতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে এই সামান্য টাকা দিয়ে একটি সাধারণ শ্রমিক পরিবার কীভাবে মাস পার করবে? তা সত্যিই ভাবনার বিষয়।” তিনি আরও বলেন, যদি আমরা সত্যিকার অর্থেই একটি বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই, তবে দেশের অর্থনীতির চালিকাশক্তি এই শ্রমিকদের সাথে সবার আগে বৈষম্যহীন আচরণ করতে হবে। তাদের ন্যায্য অধিকার ও সম্মানজনক পারিশ্রমিক নিশ্চিত করতে হবে।
ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হারুন-উর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান এবং ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের মান্যবর সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আতিকুর রহমানের বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, কৃষি, শিল্প ও উৎপাদনসহ প্রতিটি খাতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। অথচ তারাই আজ সবচেয়ে বেশি অবহেলিত। শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাধ্যতামূলক সরকারি রেশনিং ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি।
সম্মেলনে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত ফেডারেশনের বিপুল সংখ্যক দায়িত্বশীল নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধি অংশ নেন। সমগ্র সম্মেলনটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ছবি সংগৃহীত।


