মোঃ মাসুদ রানা,(কালীগঞ্জ)ঝিনাইদহ প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসান। কেন্দ্রীয় কমিটির এই গুরুত্বপূর্ণ পদে তার অন্তর্ভুক্তির খবর আসায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
জাহিদ হাসান কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা এবং প্রয়াত মোশারফ হোসেনের ছেলে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি অবিচল আনুগত্যের স্বীকৃতিস্বরূপ তাকে কেন্দ্রীয় কমিটিতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে তিনি সফলতার সাথে কেন্দ্রীয় যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার রাজনৈতিক জীবনের পথচলা শুরু হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদলের হাত ধরে। ১৯৯২ সালে তিনি কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও ছাত্রদলের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখেন এবং জবি ছাত্রদলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন।
ছাত্ররাজনীতির সোনালী অধ্যায় শেষে তিনি যুবদলের কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত হন। ঢাকাকেন্দ্রিক দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি নিজ এলাকা কালীগঞ্জের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমেও জাহিদ হাসান নিয়মিত অবদান রেখে চলেছেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন। এলাকায় সাধারণ মানুষ ও দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, তিনি ভবিষ্যতে কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় জাহিদ হাসান বলেন, “দেশনায়ক তারেক রহমান ও দলের শীর্ষ নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তা আমি সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে পালন করার চেষ্টা করব। দলের সাংগঠনিক ভিত্তিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমি কাজ করে যাব। এই নতুন পথচলায় আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।” তিনি ভবিষ্যতেও দল ও জনকল্যাণে নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।


