মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের নয়াহাটী গ্রামে লক্ষ্মী রানী (৫২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে নয়াহাটী শ্মশানঘাট এলাকার একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে এলাকাবাসী নয়াহাটী শ্মশানঘাট সংলগ্ন নদীর ধারে একটি আমগাছে গলায় রশি পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
স্বজনদের আহাজারি, ছবি সংগৃহীত।


