ভোটারদের দোয়া ও সমর্থন চাইলেন সমাজসেবক সাইদুর রহমান বাবুল

ভোটারদের দোয়া ও সমর্থন চাইলেন সমাজসেবক সাইদুর রহমান বাবুল

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১০ নং বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব সাইদুর রহমান বাবুল হাওলাদার। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন গত শুক্রবার জুমার নামাজের আগে সকালে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিক এই ইচ্ছা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বালিয়াতলী ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান বাবুল হাওলাদার (হাজী বাবুল) এলাকায় একজন পরোপকারী, ধর্মানুরাগী, পরিচ্ছন্ন, মেধাবী ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত। মতবিনিময়কালে তিনি শীর্ষ আঞ্চলিক দৈনিক ‘স্ফুলিঙ্গ’ পত্রিকার মাধ্যমে সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, “আমি আমৃত্যু বালিয়াতলীর মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন বিনির্মাণে এবং পুরো এলাকাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত করতে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

হাজী বাবুল হাওলাদার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি দুইবার নির্বাচিত সাবেক সফল ইউপি সদস্য মরহুম শামসুল হক হাওলাদারের সুযোগ্য পুত্র। পারিবারিক ঐতিহ্য ধরে রেখে তিনি বর্তমানে বাবলাতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, ইয়াকুব আলী ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, ধুলাস্বার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সদস্য এবং মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস’-এর স্থানীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একাধিক সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি মসজিদ-মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কাজ করে আসছেন। তিনি ১১৪ পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের অত্যন্ত বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত।

নির্বাচনী মাঠে হাজী বাবুলের প্রার্থিতাকে স্বাগত জানিয়ে বালিয়াতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিমসহ এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি তাঁর পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। হাজী বাবুলের অনুসারী ও কর্মী-সমর্থকেরা আসন্ন নির্বাচনে তাঁর বিজয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেছেন। পরিশেষে, আলহাজ্ব সাইদুর রহমান বাবুল হাওলাদার বালিয়াতলী ইউনিয়নের সম্মানিত সকল ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন এবং আসন্ন নির্বাচনে মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *