পটুয়াখালী প্রতিনিধি:
এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে মো. ইব্রাহীম নামে এক মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ছয়টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি স্থানীয় মাদরাসায় এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, সকালে সুযোগ বুঝে শিশুটিকে একা পেয়ে মাদরাসার একটি কক্ষে ডেকে নেন শিক্ষক ইব্রাহীম। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয়। পরবর্তীতে ঘটনাটি যেন কারো কাছে প্রকাশ না করে, সেজন্য শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং মুখ বন্ধ রাখতে হাতে মাত্র পাঁচ টাকা গুঁজে দেওয়া হয়।
তবে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি প্রকাশ করে দিলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম। তাঁর দাবি, তিনি স্থানীয় একটি চক্রান্তের শিকার এবং তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ছবি সংগৃহীত।

