বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:
পটুয়াখালীর কুয়াকাটায় বসবাসরত প্রান্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইন জনপদের সার্বিক মানবাধিকার পরিস্থিতি, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা এবং তাদের জীবনমান উন্নয়নের সম্ভাবনা সরজমিনে পর্যবেক্ষণ করেছে দেশের শীর্ষস্থানীয় নাগরিক অধিকার সংগঠন ‘সিটিজেন ফর হিউম্যান রাইটস’-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
আজ শনিবার (১৩ জুন ২০২৬) সকাল থেকে শুরু করে দিনভর প্রতিনিধি দলের সদস্যরা কুয়াকাটার ঐতিহ্যবাহী মিস্রিপাড়া, নয়াপাড়া, আমখোলা পাড়া, কেনানীপাড়া ও মেথাওপাড়াসহ বেশ কয়েকটি রাখাইন অধ্যুষিত প্রত্যন্ত পাড়া পরির্দশন করেন।
পরিদর্শনকালে রাখাইন সম্প্রদায়ের মাতব্বর, তরুণ ও সাধারণ মানুষ প্রতিনিধি দলের সামনে তাদের বর্তমান অস্তিত্বের সংকটের কথা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। আদিবাসীরা অভিযোগ করেন, পর্যটন কেন্দ্র হিসেবে কুয়াকাটার ব্যাপক উন্নয়ন হলেও স্থানীয় প্রভাবশালী ও ভূমিদস্যুদের কারণে তাদের পৈতৃক ভূমি প্রতিনিয়ত বেদখল ও সংকটের মুখে পড়ছে।
রাখাইনদের ঐতিহ্যের সাথে মিশে থাকা সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়, তাদের শ্মশান ও উপাসনালয়ের মতো ঐতিহাসিক ও পবিত্র স্থানগুলোর অপূরণীয় ক্ষতিসহ নানাবিধ নাগরিক বৈষম্যের চিত্র তারা প্রতিনিধিদের কাছে বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তারা জানান, এক সময়ের সমৃদ্ধ রাখাইন পাড়াগুলো এখন ভূমি হারিয়ে ক্রমান্বয়ে সংকুচিত হয়ে পড়ছে।
রাখাইন জনগোষ্ঠীর এসব মৌলিক সমস্যা ও দীর্ঘদিনের বঞ্চনার কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা আশ্বাস দেন যে, রাখাইন জনগোষ্ঠীর এই অস্তিত্বের লড়াই, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো সুনির্দিষ্ট প্রতিবেদনের মাধ্যমে সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের দপ্তর ও নীতিনির্ধারকদের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে। একই সাথে আদিবাসীদের সাংবিধানিক অধিকার ও ভূমি রক্ষা নিশ্চিত করতে সরকারের কাছে প্রয়োজনীয় ও কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণের জোরালো সুপারিশ করা হবে।
কুয়াকাটা সফরকারী এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— সিটিজেন ফর হিউম্যান রাইটসের অন্যতম শীর্ষ সদস্য ও ‘নাগরিক উদ্যোগ’-এর প্রধান নির্বাহী জাকির হোসেন, দেশের বিশিষ্ট পরিবেশ ও জীববৈচিত্র্য বিষয়ক গবেষক পাভেল পার্থ, খ্যাতনামা কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ, পটুয়াখালীর স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রান’-এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, প্রখ্যাত গবেষক ড. ঈশিতা দস্তিদার, বিশিষ্ট মানবিক ও আদিবাসী অধিকার কর্মী দীপায়ন খীসা এবং আন্তর্জাতিক সংগঠন ‘ল্যান্ড ইজ লাইফ’-এর এশিয়া প্রোগ্রাম ডিরেক্টর সতেজ চাকমাসহ স্থানীয় মানবাধিকার নেতৃবৃন্দ। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

