নড়াইলে মোটরসাইকেল থামিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা!

নড়াইলে মোটরসাইকেল থামিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা!

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের নড়াগাতী থানায় আধিপত্য বিস্তার ও পুরনো শত্রুতার জেরে মনি মিয়া শেখ নামে এক বর্তমান ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাত ৯টার দিকে নড়াগাতী থানার পানিপাড়া গ্রামে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মনি মিয়া শেখ জয়নগর ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য এবং চর-জয়নগর গ্রামের সোনা মিয়া শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে পুঠিমারি বাজার থেকে মোটর সাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন মনি মেম্বার। পথিমধ্যে পানিপাড়া এলাকায় জাহিদ মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাঁকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিক আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরেই প্রতিপক্ষের সশস্ত্র লোকজন পরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান অব্যাহত রেখেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *