প্রেস রিলিজ
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ওরফে জান্নাতিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি রবিউল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। নড়াইল জেলা পুলিশের একাধিক টিমের যৌথ অভিযানে আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ৯:১৫ ঘটিকায় উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলাম রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
পুলিশের অফিশিয়াল তথ্য ও প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২০ জুলাই ২০২৬) আনুমানিক সন্ধ্যা ১৮:৩০ ঘটিকার দিকে রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের পাঁচ বছর বয়সী শিশুকন্যা জান্নাতুল মাওয়া জান্নাতিকে একা পেয়ে অভিযুক্ত রবিউল ইসলাম নিজ ঘরে ফুসলিয়ে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের পর ফেলে রেখে রবিউল পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম জান্নাতির পিতা-মাতা দীর্ঘ খোঁজাখুঁজির পর রবিউলের ঘরের ভেতরে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা ১৮:৪৫ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পাওয়ার পরপরই খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) তোফায়েল আহম্মেদ ও নড়াইলের পুলিশ সুপারের প্রত্যক্ষ নেতৃত্বে জেলা পুলিশের একাধিক চৌকস টিম তাৎক্ষণিক সাঁড়াশি অভিযানে নামে।
নড়াইল জেলা পুলিশের জোরদার অভিযান এবং স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণের তথ্যগত সহায়তায় আজ মঙ্গলবার সকালে নড়াইল সদর থানাধীন দত্তপাড়া এলাকা থেকে ঘাতক রবিউলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
নড়াইল জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলামের জঘন্য ও পৈশাচিক অপরাধের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে মামলার পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদারভাবে চলমান রয়েছে। ছবি সংগৃহীত।


