বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী):
দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সরকারি বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটায় দুর্নীতি দমন কমিশন (দুদক), উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী। সভায় কুয়াকাটা ও কলাপাড়া অঞ্চলের বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম, ভূমি দস্যুতা এবং প্রশাসনিক দুর্নীতির নানা তথ্যচিত্র তুলে ধরেন সাংবাদিক ও পরিবেশকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে দুদকের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বলেন, “দুর্নীতিবাজদের কোনো দল বা পরিচয় নেই। আমরা প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। আমাদের অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী ও তথ্য আমাদের কাজকে আরও সহজ করবে। শীঘ্রই আপনারা এসব কার্যক্রমের বড় ধরনের অগ্রগতি ও ফলাফল দৃশ্যমান হতে দেখতে পাবেন।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু। তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে সামাজিক আন্দোলনের ওপর জোর দেন।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মো. আল ইমরান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, প্রবীণ পরিবেশ কর্মী কে এম বাচ্চু এবং আসাদুজ্জামান মিরাজ প্রমুখ।
বক্তারা পর্যটন নগরী কুয়াকাটার উন্নয়নে বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং চুনোপুঁটি থেকে শুরু করে রাঘববোয়ালদের আইনের আওতায় আনতে দুদকের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। সাংবাদিকদের পক্ষ থেকে দুর্নীতির তথ্য সংগ্রহে নিরাপত্তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভা শেষে উপস্থিত সাংবাদিকরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে দুদকের সহযোগী হিসেবে নির্ভীক সাংবাদিকতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভার এই বিশেষ আয়োজনে কুয়াকাটায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

