চাঁদাবাজির ‘সেঞ্চুরি’ করতে গিয়ে শ্রীঘরে কথিত সাংবাদিক: কাঁপছিল সরকারি অফিস

স্ফুলিঙ্গ রিপোর্ট : স্বাস্থ্যমন্ত্রীর নিকটাত্মীয় এবং প্রভাবশালী সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি দপ্তরে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের খাঁচায় ধরা পড়েছেন আব্দুর রউফ (৪৫) নামে এক ব্যক্তি। রবিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক রউফ মেহেরপুর শহরের মল্লিকপাড়ার বাসিন্দা।

জানা গেছে, রমজানের শুরু থেকেই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রধান সহকারী ও পরিসংখ্যানবিদের কাছে ২০ হাজার টাকা দাবি করে আসছিলেন রউফ। নিজেকে মন্ত্রীর আত্মীয় ও বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে তিনি মুঠোফোনে এবং হোয়াটসঅ্যাপে ক্রমাগত হুমকি দিচ্ছিলেন। টাকা না দিলে বড় ধরণের ক্ষতি করার ভয়ও দেখাতেন তিনি।

রবিবার সকালে রউফ সরাসরি ওই কার্যালয়ে গিয়ে টাকার জন্য চাপ সৃষ্টি করলে সন্দেহ হয় কর্মকর্তাদের। পরে অফিসের কর্মচারীরা কৌশলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। মেহেরপুর সদর থানা পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

অনুসন্ধানে জানা গেছে, আব্দুর রউফের চাঁদাবাজির রেকর্ড এটিই প্রথম নয়। এর আগে গত বছর গাংনী উপজেলার একটি ক্লিনিকে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছিলেন তিনি। ওই ঘটনায় তাকে দীর্ঘদিন কারাবাসও খাটতে হয়েছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, পরিসংখ্যানবিদ আকরাম হোসেন বাদী হয়ে রউফের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

১৫ মার্চ, ২০২৬                                                                                                          ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *