কোটচাঁদপুরে রেল কর্মকর্তা পেটানো মামলায় বিএনপি নেতা গ্রেফতার!

কোটচাঁদপুরে রেল কর্মকর্তা পেটানো মামলায় বিএনপি নেতা গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ):

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সন্ত্রাসী হামলা ও মারধরের ঘটনায় যুক্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে জিআরপি পুলিশ। গ্রেফতারকৃত মনোয়ার হোসেন আলামিন কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) অভিযান চালিয়ে তাকে আটক করার পর এই তথ্য নিশ্চিত করে রেলওয়ে পুলিশ। এই গ্রেফতারের খবরে কোটচাঁদপুর স্টেশনসহ বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সন্তোষ ছড়িয়ে পড়েছে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ইজারা এবং সাধারণ যাত্রীদের নিকট থেকে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা ও চাঁদা আদায় করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। রেলস্টেশন চত্বরে এ ধরনের অবৈধ ও আইনবিরোধী কাজের কঠোর প্রতিবাদ জানান সহকারী স্টেশন মাস্টার মনিদেব দাস এবং স্টেশন মাস্টার মোশাররফ হোসেন। এরই জেরে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা অতর্কিতভাবে স্টেশনে ঢুকে সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে।

স্টেশনে ঢুকে কর্মরত সরকারি কর্তাদের ওপর এই পৈশাচিক হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠে ‘বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন’। সংগঠনের নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আল্টিমেটাম দেন। অন্যথায় সারা দেশে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে জিআরপি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের সাহায্যে জিআরপি পুলিশ অভিযান পরিচালনা করে কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন আলামিনকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি আলামিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দ্রুত আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে। ঘটনার নেপথ্যে থাকা অন্য সহযোগীদেরও খুঁজে বের করতে জোরালো তদন্ত চলছে।

এদিকে, গুরুত্বপূর্ণ সরকারি সেবা প্রতিষ্ঠানে এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে এলাকার সুশীল সমাজ। রেলওয়ে স্টেশনের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি ও ভবিষ্যতে এমন বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন তারা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *