স্ফুলিঙ্গ রিপোর্ট :
‘জলবায়ুর পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) পরিবেশ অধিদপ্তর, যশোরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। পরিবেশ অধিদপ্তর, যশোরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে বিশেষ মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নিতিশ চন্দ্র কর্মকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এখন দৃশ্যমান। এই সংকট থেকে উত্তরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ ও ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার বর্জন এবং প্রকৃতির যত্ন নেওয়ার মাধ্যমেই এই লড়াইয়ে জয়ী হতে হবে।
আলোচনা সভা শেষে পরিবেশ দিবসকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

