নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে পাঁচ বছর বয়সী শিশু জান্নাতুলকে ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনায় ফুঁসে উঠেছে পুরো জেলা। নির্মম এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর ঘাতক রবিউল শিকদারের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমে এসেছে সর্বস্তরের আপামর জনতা।
গত সোমবার (২০ জুলাই ২০২৬) রাত ১০টার দিকে নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে একটি বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে এক উত্তাল প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত ক্ষুব্ধ সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনসিপির সদস্য সচিব প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক শাফায়াত উল্লাহ এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর প্রান্ত মজুমদারসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, “রামচন্দ্রপুর গ্রামে মাত্র পাঁচ বছরের এক নিষ্পাপ অবুঝ শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে— যা কোনো স্বাধীন ও সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই জঘন্য অপরাধের সাথে জড়িত মূল ঘাতককে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে হবে। যদি অপরাধীকে রক্ষা বা আড়াল করার সামান্যতম চেষ্টা করা হয়, তবে সাধারণ নড়াইলবাসীকে সাথে নিয়ে পুরো জেলাজুড়ে অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
বিক্ষোভের মুখে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান জানান, জঘন্য এই অপরাধ সংঘটনকারীকে আইনের আওতায় আনতে পুলিশের বেশ কয়েকটি চৌকস টিম ইতিমধ্যেই মাঠে নেমেছে। আসামিকে অতি দ্রুত সময়ে গ্রেফতার করতে পুলিশের সর্বাত্মক চেষ্টা ও চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় রামচন্দ্রপুর পাচুড়িয়াপাড়া গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুলকে প্রতিবেশি রবিউল শিকদার কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। ছবি সংগৃহীত।


