শৈলকুপা নয় ঝিনাইদহ সদরেই চাই মেডিকেল কলেজ

শৈলকুপা নয় ঝিনাইদহ সদরেই চাই মেডিকেল কলেজ

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা শহরে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে জেলাজুড়ে তীব্র গণজাগরণ ও গণআন্দোলন শুরু হয়েছে। প্রাথমিকভাবে জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় এই মেডিকেল কলেজের স্থান নির্বাচন করা হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন জেলার সাধারণ নাগরিক সমাজ। এর প্রতিবাদে এবং জেলার কেন্দ্রস্থল তথা সদর উপজেলাতেই এটি প্রতিষ্ঠার দাবিতে আজ ১৯ জুন ২০২৬ শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রবিন্দু পায়রা চত্বরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক বিশাল ও স্বতঃস্ফূর্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘আমরা ঝিনাইদহবাসী’—সাধারণ নাগরিক মঞ্চের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

ঘণ্টাব্যাপী চলা এই বিশাল মানববন্ধনে সর্বস্তরের মানুষের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আউয়াল, বিশিষ্ট চিকিৎসক ডা. কামাল হোসেন, ডা. মনিরুল ইসলাম, ঝিনাইদহের বিশিষ্ট ব্যবসায়ী সবুর মিয়া এবং সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বাশারসহ অন্যান্য স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, ঝিনাইদহে একটি উন্নতমানের মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে জেলাবাসী দীর্ঘ বছর ধরে নিয়মতান্ত্রিক আন্দোলন ও জোরালো জনমত গড়ে তুলছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সম্প্রতি সাধারণ মানুষের সুবিধাকে তোয়াক্কা না করে জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় এই মেডিকেল কলেজ স্থাপনের প্রাথমিক স্থান নির্বাচন প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। বক্তারা জোর দাবি জানিয়ে বলেন, ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে ঝিনাইদহ সদরই হচ্ছে জেলার মূল কেন্দ্রবিন্দু। তাই অধিকাংশ মানুষের সহজে যাতায়াত ও উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিতের কথা বিবেচনা করে শৈলকুপার সিদ্ধান্ত বাতিল করে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপন করা আইনি ও নৈতিকভাবে প্রয়োজন।

চিকিৎসক ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, জেলা শহরে যদি মেডিকেল কলেজটি স্থাপিত হয়, তবে হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও মহেশপুরসহ জেলার সবকটি উপজেলার সাধারণ ও দরিদ্র মানুষ সমানভাবে উন্নত স্বাস্থ্যসেবা, আধুনিক চিকিৎসা শিক্ষা এবং সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। অন্যদিকে জেলা সদর থেকে এত দূরে কোনো প্রত্যন্ত এলাকায় এটি স্থাপন করা হলে সাধারণ মানুষের প্রাণের প্রত্যাশা কোনোভাবেই পূরণ হবে না; বরং যাতায়াতের ঝক্কি ও দূরত্বের কারণে জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণে সাধারণ রোগীদের চরম ভোগান্তি ও প্রাণহানির মতো ঘটনা ঘটবে।

মানববন্ধনে উপস্থিত বক্তারা সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্টদের প্রতি জোর আহ্বান জানিয়ে বলেন, জনস্বার্থ এবং জনগণের সার্বিক যাতায়াত সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে অনতিবিলম্বে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপনের চূড়ান্ত ও দৃশ্যমান সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় এই ন্যায্য দাবি আদায়ে পুরো জেলাবাসীকে সাথে নিয়ে আগামীতে রাজপথ-রেলপথ অবরোধসহ আরও বৃহত্তর, তীব্র ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *