নিজস্ব প্রতিবেদক, বেনাপোল:
যশোরের বেনাপোল সীমান্তে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে (আনুমানিক ৫৫ বছর) পিটিয়ে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের ‘হরিনাপোতা’ মাঠের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় কৃষকরা সকালে বড় আঁচড়া সীমান্তের ধানক্ষেতে কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ভিড় জমায়। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির গায়ে শ্যামলা গায়ের রং, পরনে কালো ট্রাউজার এবং ছাই (অ্যাশ) রঙের গেঞ্জি ছিল। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা লোকটিকে অন্য কোথাও বা ওই মাঠেই প্রচণ্ড মারধর ও নির্যাতন করে হত্যা করেছে। হত্যার পর পরিচয় আড়াল করতে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করার জন্য আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। একইসাথে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
ছবি সংগৃহীত।


