স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের বড়বাজার এলাকার ঐতিহাসিক শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গভীর রাতে এক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা ভাঙচুরসহ তিনটি অনুদানের বাক্স ভেঙে নগদ অর্থ লুটে নিয়েছে।
মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৬টার দিকে মন্দিরের পুরোহিত নিত্যপূজার জন্য এসে প্রধান ফটকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে অনুদান ও প্রণামির বাক্সগুলো ভাঙা অবস্থায় দেখে চুরির বিষয়টি টের পান এবং তাৎক্ষণিকভাবে পরিচালনা কমিটিকে অবহিত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরের দল রাতের আঁধারে মন্দিরের তিন তলার ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর ভেতরের গেটের তালা কেটে তারা নিচ তলায় নেমে আসে। চুরির ঘটনা আড়াল করতে তারা প্রথমে নিচ তলায় থাকা একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে অকেজো করে দেয়। এরপর মন্দিরের একটি প্রণামি বাক্স এবং দুটি বড় অনুদান বাক্স ভেঙে ভেতরের সমস্ত নগদ টাকা নিয়ে চম্পট দেয়।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি জানান, ভেঙে ফেলা অনুদান ও প্রণামি বাক্সগুলোতে আনুমানিক ৪০ হাজার টাকার মতো নগদ অর্থ ছিল, যা দুর্বৃত্তরা লুটে নিয়েছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। ছবি সংগৃহীত।


