ব্যবসায়ী আনিসুর হত্যার বিচার দাবিতে উত্তাল নওয়াপাড়া : নৌবন্দরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ডাক

ব্যবসায়ী আনিসুর হত্যার বিচার দাবিতে উত্তাল নওয়াপাড়া : নৌবন্দরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ডাক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী এবং ‘জয়েন ট্রেডিং কর্পোরেশন’-এর মালিক আনিসুর রহমান (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

জানা গেছে, নওয়াপাড়ার ‘আনিস প্লাজা’ ভবনের দোকান ঘর ভাড়া দেওয়া নিয়ে একটি পক্ষের সাথে আনিসুর রহমানের বিরোধ চলছিল। বুধবার (৬ মে) রাতে নিজ বাড়ির সামনে ওই দোকান ঘর ভাড়া না দেওয়ার প্রতিবাদ জানালে দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

আহত আনিসুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে গভীর রাতে তিনি মারা যান।

নওয়াপাড়ার একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ীর এমন অকাল ও নৃশংস মৃত্যুতে পুরো বন্দর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যবসায়ীরা এই ঘটনাকে নওয়াপাড়ার শান্তি-শৃঙ্খলার ওপর চরম আঘাত হিসেবে দেখছেন। খুনিদের দ্রুত আইনের আওতায় না আনা পর্যন্ত নৌবন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থবির রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন তাঁরা।

অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *