স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের ১১২টি মেডিকেল কলেজে একযোগে এই ওরিয়েন্টেশন আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে অনলাইনে স্বাস্থ্য মন্ত্রীর উপস্থিতিতে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পরিচালনায় জাতীয় পর্যায়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় আয়োজনে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মো.আহসান হাবিবের সভাপতিত্বে মূল অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
এতে কলেজের প্রথম বর্ষে ভর্তি হওয়া ৭৮ জন ছাত্রী ও ২২ জন ছাত্রসহ তাদের অভিভাবক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজ ও শিক্ষকমণ্ডলীর পরিচিতি, শিক্ষার্থীদের পরিচিতি পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের এপ্রোন পরিধান করানো হয় এবং তাদেরকে দিকনির্দেশনামূলক নির্দেশিকা প্রদান ও শপথ পাঠ করানো হয়।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা চিকিৎসা পেশার সেবামূলক মনোভাব ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
পরিশেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রথম বর্ষের দুই শিক্ষার্থী প্রতীকীভাবে দুটি গাছ রোপণ করেন। পরবর্তীতে বাকি শিক্ষার্থীরাও নিজ হাতে গাছ রোপণ করবেন বলে জানানো হয়। ছবি সংগৃহীত।

