পরকীয়ার জেরে চালককে হত্যা!

পরকীয়ার জেরে চালককে হত্যা!

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের আলোচিত শ্রমিক নেতা মহিদুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাব-৬। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শৈলকুপা উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আকরামুল ইসলাম রাজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে শৈলকুপা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব।

তদন্ত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত মহিদুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার চরমুড়ারিদহ গ্রামের আব্দুর সাত্তার মণ্ডলের ছেলে। প্রায় দুই বছর আগে তিনি অডিটর রাজনের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, সেই সময় রাজনের স্ত্রী মোহনার সঙ্গে মহিদুলের একটি অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে রাজন ও মহিদুলের মধ্যে তীব্র শত্রুতার সৃষ্টি হয়। র‍্যাব ও পুলিশের প্রাথমিক ধারণা, এই পরকীয়া ও ব্যক্তিগত আক্রোশের জেরে পরিকল্পিতভাবে মহিদুলকে হত্যা করা হয়েছে।

গত ৩০ মার্চ ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার ‘স্বপনের প্লট’ নামক একটি নির্জন স্থান থেকে মহিদুলের মরদেহ উদ্ধার করে সাভার থানা পুলিশ। মরদেহ উদ্ধারের পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নামে আইন-শৃঙ্খলা বাহিনী।

গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৬ এবং সাভার থানা পুলিশের একটি যৌথ দল শৈলকুপায় অভিযান চালিয়ে অভিযুক্ত অডিটর রাজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাজনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামে।

র‍্যাব-৬ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত আছে কি না, তা নিশ্চিতে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *