দুদকের আয়োজনে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা : শ্রেষ্ঠ বক্তা সালসাবিল রাইয়্যান

দুদকের আয়োজনে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা : শ্রেষ্ঠ বক্তা সালসাবিল রাইয়্যান

 বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া :

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর আয়োজনে এবং কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় আজ মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার মোট ৮টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রাণবন্ত যুক্তির লড়াইয়ে অংশ নেন। প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অমল মুখার্জী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন কমিটির সদস্য মোস্তফা জামান সুজন ও জাহানারা খানম।

কাছেম আলী স্কুল চ্যাম্পিয়ন, শ্রেষ্ঠ বক্তা সালসাবিল: দিনভর যুক্তি-পাল্টা যুক্তির তুমুল লড়াই শেষে চূড়ান্ত (ফাইনাল) প্রতিযোগিতায় খেপুপাড়া কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখায় লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় দল। পুরো প্রতিযোগিতায় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শিক্ষার্থী সালসাবিল রাইয়্যান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রাণী দত্ত, কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ সুজাউদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সুজন, নজরুল ইসলাম, মো. আল-ইমরানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

এবারের প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল নারী বিতার্কিকদের জয়জয়কার। মোট ২৪ জন অংশগ্রহণকারী বিতার্কিকের মধ্যে ২৩ জনই ছিলেন ছাত্রী এবং একমাত্র ছাত্র বিতার্কিক হিসেবে অংশ নেন মেশকাত।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি ৬টি শিক্ষা প্রতিষ্ঠান হলো— টিয়াখালী কেআই ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা, পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় এবং কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে দুদকের উদ্যোগে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে বিশেষ শিক্ষা উপকরণ ও সনদ বিতরণ করা হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *