‘টাকা লাগলে টাকা নিতি, তাও দাওয়াত দিতি’

‘টাকা লাগলে টাকা নিতি, তাও দাওয়াত দিতি’

স্ফুলিঙ্গ ডেক্স :

‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’—এমনই এক শ্লেষাত্মক স্লোগানে ঢাকা-খুলনা মহাসড়ক কাঁপালেন একদল তরুণ। বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ার ক্ষোভে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সংলগ্ন মহাসড়কে এই ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। শুক্রবার (১৫ মে) বিকেলে এসএসসি-২০১৫ ব্যাচের বন্ধুদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ বৃহস্পতিবার (১৪ মে) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তবে দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও এসএসসি-২০১৫ ব্যাচের কোনো বন্ধুকেই তিনি দাওয়াত দেননি। বন্ধুদের অভিযোগ, শাকিল দীর্ঘদিন ধরে দাওয়াত দেওয়ার আশ্বাস দিয়ে আসলেও শেষ পর্যন্ত কাউকেই কিছু না জানিয়ে বিয়ে করে ফেলেন।

বন্ধুর এমন ‘গোপন’ বিয়েতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিকেলে একজোট হন বন্ধুরা। তারা একটি ব্যানার নিয়ে মিছিলে বের হন, যেখানে লেখা ছিল: ‘আমাদের বন্ধু শাকিল শেখ তার বিয়েতে বন্ধুদের দাওয়াত না দেওয়ায় বিক্ষোভ মিছিল।’ মিছিলের আয়োজক আয়নাল আহসান বলেন, “আমাদের ব্যাচের বন্ধুদের মধ্যে খুবই নিবিড় সখ্যতা। কিন্তু শাকিল কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলেছে। বন্ধুর এই আচরণ আমাদের কষ্ট দিয়েছে, তাই আমরা একজোট হয়ে এই অভিনব প্রতিবাদ জানিয়েছি।”

আশিক নামের আরেক তরুণ জানান, বিয়ের খবর গোপন রাখায় তারা সামাজিকভাবে এই প্রতিবাদ জানিয়েছেন যাতে ভবিষ্যতে অন্য কোনো বন্ধু এমন কাজ না করেন।

বন্ধুর ওপর মান-অভিমান থেকে বিক্ষোভ মিছিল করলেও নবদম্পতির প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভুলেননি বন্ধুরা। দাওয়াত না পাওয়ার প্রতিবাদ জানালেও তারা শাকিল ও তার স্ত্রীর সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা ও দোয়া করেছেন।

মহাসড়কে এই বিচিত্র বিক্ষোভ মিছিল দেখে পথচারী ও স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *