ছেলের গুলিতে বাবা গুলিবিদ্ধ

ছেলের গুলিতে বাবা গুলিবিদ্ধ

স্ফুলিঙ্গ ডেক্স :

ময়মনসিংহের ভালুকায় দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে বাবা ও ছেলের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিজের ছেলের গুলিতে বাবা খোকা মিয়া (৫৫) গুলিবিদ্ধসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১২এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামিরদিয়া নারিশ কোম্পানির গেট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সংসদ নির্বাচনে বাবা খোকা মিয়া ধানের শীষের প্রার্থীর সমর্থক ছিলেন, অন্যদিকে ছেলে রানা মিয়া ছিলেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। এই রাজনৈতিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে ওই এলাকার বিএনপি কার্যালয়টি বন্ধ ছিল। রোববার দুপুরে ছেলে রানা মিয়া তালা খুলে কার্যালয়ে বসলে বাবা খোকা মিয়া বাধা দেন।

কার্যালয় বন্ধ করা নিয়ে বাবা-ছেলের বাকবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছেলে রানা মিয়া বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন। পাশাপাশি রানার সহযোগীরা খোকা মিয়ার সাথে থাকা লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। সংঘর্ষের সময় দলীয় কার্যালয়ের আসবাবপত্রও ভাঙচুর করা হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে খোকা মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *