নিজস্ব প্রতিবেদক, বরগুনা: ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় আমতলী ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন— আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী এলাকার বাসিন্দা মিরাজুল ইসলাম শাওন এবং পটুয়াখালীর আলীপুরের মহিষডাঙ্গা এলাকার বাসিন্দা বেল্লাল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আমতলী উপজেলার মহিষকাটা এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা আমতলীর দিকে আসছিল। অটোরিকশাটি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ঘাতক ট্রাক সেটিকে চাপা দেয়। এতে চালকসহ অটোরিকশার ৫ আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বরিশাল যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই বেল্লালের মৃত্যু হয়। অন্যদিকে, মিরাজুল ইসলাম শাওনকে পটুয়াখালী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুই যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফাইল ছবি


