কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত: শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট বিতরণ

কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত: শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট বিতরণ

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে:

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও ঝিনাইদহের কোটচাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। কোটচাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে আজ রবিবার (১২ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এক বিশেষ আলোচনা সভা এবং উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুরের সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার দাস।

আলোচনা সভায় দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা সেবার গুরুত্ব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবার পরিকল্পনা বিভাগের বলিষ্ঠ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, “একটি সুস্থ, সচেতন ও পরিকল্পিত পরিবার গঠন দেশের সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। বাংলাদেশের বিপুল তরুণ প্রজন্মের সঠিক অংশগ্রহণের মাধ্যমে জনসংখ্যাকে বোঝায় রূপান্তর না করে, আধুনিক শিক্ষায় দীক্ষিত করে জনসম্পদে রূপান্তর করাই এখন সময়ের মূল দাবি।”

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর ও অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর মুয়াবিয়া হুসাইন, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবার পরিকল্পনা বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন।

আলোচনা সভা শেষে গত এক বছরে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করা হয় এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এবারের বিশ্ব জনসংখ্যা দিবসে কোটচাঁদপুর উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানসমূহ হলো-শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: রমিজা খাতুন (৩/খ ইউনিট, কুশনা ইউনিয়ন),শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: রীতা চৌধুরী (এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র),শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: মো. বিপুল হোসেন (কুশনা ইউনিয়ন),শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ: কুশনা ইউনিয়ন পরিষদ।

পুরস্কার বিতরণ শেষে সভাপতি সকলকে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *