রফিক মন্ডল, কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে।। ২৮ জুলাই-২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুরে গাঁজাসহ আটক এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে প্রশাসনের পরিচালিত অভিযানের অংশ হিসেবে ‘জিরো টলারেন্স’ নীতির পুনর্ব্যক্ত করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও এসআই অমিত কুমার সাহার যৌথ নেতৃত্বে পুলিশের একটি দল পৌর বাস টার্মিনাল এলাকার বাজেবামনদাহ কলেজ স্ট্যান্ডে পরিচালনা করে একটি বিশেষ অভিযান। সেখান থেকে আকাশ মোল্লা নামের এক যুবককে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত যুবক উপজেলার বকশিপুর গ্রামের এশারত মোল্লার ছেলে।
আটকের পর আসামিকে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে অভিযুক্ত আকাশ নিজের কাছে অবৈধ মাদকদ্রব্য রাখার কথা স্বীকার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, মাদকের প্রভাবে সমাজকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বজায় রাখা হয়েছে। পরিচয় যা-ই হোক না কেন, মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং অভিযান অব্যাহত থাকবে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনসারুল্লাহ হকও একই সুর মিলিয়ে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ও এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমেই ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় এই জেল ও জরিমানার বিধান নিশ্চিত করা হয়েছে। ছবি সংগৃহীত।


