ঈদকে সামনে রেখে কঠোর নিরাপত্তার নির্দেশ এসপি’র

ঈদকে সামনে রেখে কঠোর নিরাপত্তার নির্দেশ এসপি’র

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলা পুলিশের এপ্রিল/২০২৬ মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা’ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার সুনিপুণ ও দক্ষ পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ রুহুল কবীর খান।

অনুষ্ঠিত এই অপরাধ সভায় গত এপ্রিল মাসে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় সংঘটিত অপরাধের সার্বিক চিত্র ও পরিসংখ্যান পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। সভায় রুজু হওয়া বিভিন্ন নিয়মিত মামলার তদন্তের দৃশ্যমান অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম, আদালতের ওয়ারেন্ট তামিল (গ্রেফতারি পরোয়ানা কার্যকর), চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, সীমান্ত ও অভ্যন্তরীণ রুটে মাদক-অবৈধ অস্ত্র উদ্ধার, এবং চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ফাঁড়ি ইনচার্জদের প্রতি কঠোর ও কার্যকর ভূমিকা রাখার সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

সভায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান আসন্ন পবিত্র ঈদুল আজহার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ঈদকে সামনে রেখে পশুর হাট, শপিংমল, ব্যাংকিং পাড়া এবং সর্বসাধারণের কেনাকাটা ও চলাচলের রাস্তায় যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা, ছিনতাই বা অজ্ঞানপার্টির তৎপরতা রোধ করতে হবে।”

এই লক্ষ্যে জেলার গুরুত্বপূর্ণ হাইওয়ে ও লোকাল রাস্তাগুলোতে পুলিশের মোবাইল টিম ও সাধারণ টহল বহুগুণ বৃদ্ধি করার নির্দেশ দেন তিনি। একই সাথে থানা এলাকার সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি অফিসার ও ফোর্সকে অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব অত্যন্ত পেশাদারিত্ব ও সততার সাথে পালন করার জোরালো আহ্বান জানান এসপি।

সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব জামাল আল নাসের,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি), কোর্ট পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-প্রশাসন), আরআই (পুলিশ লাইন্স) সহ সকল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার চৌকস পুলিশ অফিসারগণ এই সভায় অংশ নেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *