স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের অভয়নগর থানাধীন স্বনামধন্য প্রতিষ্ঠান ‘আকিজ সিটি’র নাম ব্যবহার করে ফেসবুকের মাধ্যমে সাধারণ মানুষের বিপুল অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের প্রধানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চের মধ্যে আকিজ সিটির সুনাম ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া প্রচারণা চালায়। তারা ২৭২ পিসের ডিনার সেট মাত্র ৩,৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে বলে বিজ্ঞাপন দেয়। সাধারণ মানুষ প্রলুব্ধ হয়ে যোগাযোগ করলে চক্রটি নিজেদের আকিজ সিটির লোক পরিচয় দিয়ে বিকাশ একাউন্টের মাধ্যমে জনপ্রতি ৫৫০ টাকা করে অগ্রিম গ্রহণ করে। এভাবে প্রায় ১,০২০ জন গ্রাহকের কাছ থেকে ৫,৫০,০০০ (সাড়ে পাঁচ লক্ষ) টাকা হাতিয়ে নিয়ে ভুয়া অনলাইন ভাউচার প্রদান করে তারা।
এই ঘটনায় আকিজ সিটির পক্ষ থেকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর বিভিন্ন ধারায় অভয়নগর থানায় মামলা (মামলা নং-০৩, তারিখ: ০১/০৪/২৬) দায়ের করা হয়।
যশোর ডিবি পুলিশের এসআই (নিঃ) শিবু মণ্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম আধুনিক প্রযুক্তির সহায়তায় তথ্য বিশ্লেষণ করে প্রতারক চক্রের মূল হোতা মোঃ মোস্তাক আহমেদকে (৫২) শনাক্ত করে। শুক্রবার সকালে নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাক আহমেদ প্রতারণার বিষয়টি স্বীকার করেন। তার ঘর থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ফোনগুলো হলো—০১ টি 5 Star,০১ টি 5 Star-Black,০১ টি Oppo A17,০১ টি Oppo A57মোবাইল ফোন।
প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে ডিজিটাল জালিয়াতি ও অর্থ আত্মসাতের অকাট্য প্রমাণ পাওয়া গেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলেই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছবি-সংগৃহীত


