আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যশোর জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যশোর জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে রাজধানী ঢাকা ও যশোর সহ সারাদেশে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিষিদ্ধ এই দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে রাজপথে পৃথকভাবে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি ঘোষণা না করলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সংবাদমাধ্যমকে বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ যদি প্রকাশ্যে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবিসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কঠোর ও যথাযথ ব্যবস্থা নেবে।”

এদিকে, অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে আজ মঙ্গলবার (২৩ জুন) দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। অন্যদিকে, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আজ বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এক সংবাদ সম্মেলনে বলেন, ফ্যাসিবাদের উত্থান সরকার ঠেকাতে না পারলে ১১ দল দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেবে। একই দাবিতে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও ফেসবুকে ঐক্যবদ্ধ শক্তির সমন্বিত কর্মসূচির আহ্বান জানিয়েছেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ও বেআইনি তৎপরতা রুখতে ঢাকা মহানগরী (ডিএমপি), চট্টগ্রাম মহানগরী (সিএমপি), গাজীপুর মহানগরী (জিএমপি) এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মোতায়েনকৃত এই সেনাসদস্যরা আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “কার্যক্রম নিষিদ্ধ হওয়া মাফিয়া দল আওয়ামী লীগের কিছু অপতৎপরতা সরকারের গোচরীভূত হয়েছে। তারা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য দেশের সব আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

যশোরে জেলা পুলিশের কঠোর সতর্ক অবস্থান

দেশের অন্যান্য অঞ্চলের মতো যশোর জেলা পুলিশও যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সকাল থেকেই শহরের প্রবেশপথ এবং ব্যস্ততম মোড়গুলোতে পুলিশের বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে। একই সাথে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশিসহ পুরো জেলা জুড়ে পুলিশের বিশেষ মোবাইল টিম ও টহল জোরদার করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের উসকানিমূলক অপতৎপরতা কঠোর হস্তে দমন করতে পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *